সারা দেশের মতো খাগড়াছড়িতেও করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হয়েছে। প্রথম টিকা গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। এরপর খাগড়াছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ টিকা নেন।
রবিবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত টিকা দান অনুষ্ঠানের উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলায় আজ মোট ১৬টি কেন্দ্রে ৬১১জনকে টিকা দেয়া হচ্ছে। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ২৯৭ জন। রেজিস্ট্রেশনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
