ধানমন্ডির রাপা প্লাজা থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৪ পিএম

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর রোডে অবস্থিত রাপা প্লাজায় তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সেখানকার জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে জানিয়েছে মালিকরা।

শনিবার গভীর রাত ২টার দিকে একদল চোর মার্কেটে ঢুকে দোতলায় তিনটি দোকানে চুরি করেছে।

রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা, জেন্টেল পার্ক নামে একটি পোশাকের দোকান থেকে কয়েক লাখ টাকা এবং আরও একটি দোকান থেকে কয়েক লাখ টাকা চুরি হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে মার্কেটের নিরাপত্তাকর্মীদের ফোন পেয়ে দোকান মালিকরা চুরির ঘটনা জানতে পারেন।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকার। তার ছোট ভাই অমিত সাহা জানান, সকালে মার্কেটের নিরাপত্তাকর্মীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে যান।

তিনি বলেন, মার্কেটে গিয়ে দেখতে পান যে তাদের দোকানের ১৩/১৪টি তালা সামনের মেঝেতে পড়ে আছে। তালাগুলো নকল চাবি দিয়ে খোলা হয়েছে। শাটার ও কলাপসিবল গেট অর্ধেক খোলা।

অমিত সাহা বলেন, দোকানের ভেতরে ডিসপ্লে সেলফগুলো তছনছ করা হয়েছে। ক্যাশ বাক্স ভেঙে ফেলা হয়েছে। দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা লুট করা হয়েছে।

তিনি আরও বলেন, দোকানের ভেতর সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রাত ২টার দিকে তিনজন মুখোশ পরিহিত তিনজন দোকানের ভেতর প্রবেশ করে। তাদের হাতে শাবল, রেঞ্জ, হাতুড়ি। এসব দিয়ে তারা ডিসপ্লে সেলফগুলো তছনছ করে। তারা রাত আড়াইটা পর্যন্ত দোকানের ভেতর থেকে লুট করে চলে যায়।

রাজলক্ষ্মী জুয়েলার্স দোকানের সামনের দোকান জেন্টেল পার্ক। ওই দোকানসহ পাশের আরেকটি তৈরি পোশাক বিক্রির দোকানে চুরি হয়েছে।

ঘটনার পর ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম আলী মিয়া দেশ রূপান্তরকে বলেন, গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত