ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য অর্থনীতি খুলে দিল কিউবা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২২ পিএম

রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতিতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে কিউবা। এর ফলে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বেশিরভাগ খাতে ব্যবসার জন্য অনুমতি পাচ্ছে।

দেশটির শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফিতো জানান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমোদন দেওয়া হবে এমন খাতের সংখ্যা ১২৭ থেকে বাড়িয়ে দুই হাজারের বেশি করা হয়েছে।

তবে সামান্য কিছু খাত রাষ্ট্রের জন্য সংরক্ষিত থাকছে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞা এবং মহামারির ধাক্কায় সমাজতান্ত্রিক দেশটির অর্থনীতি বড় ধরনের ধাক্কা খায়, বিশেষ করে ট্যুরিজম খাতে বড় ধরনের প্রভাব পড়ে।

গত বছর দেশটির অর্থনীতি তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি ১১ শতাংশ সংকুচিত হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতির মুখে পড়ে কিউবার নাগরিকেরা।

ফিতো বলেছেন, শুধু ১২৪টি বাদে বাকি সব খাতে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যুক্ত হতে অনুমতি পাবে। তবে যেসব খাত অনুমতির তালিকা থেকে বাইরে থাকছে তা তিনি জানাননি।

বার্তা সংস্থা এএফপিকে ফিরো বলেন, ‘বেসরকারি কর্মকাণ্ডের বিকাশ অব্যাহত থাকবে। এই পদক্ষেপ বেসরকারি খাতে উৎপাদন শক্তিকে উন্মুক্ত করতে সহায়তা করবে।’

কিউবার অর্থনীতির ওপর বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ মূলত দ্বীপ রাষ্ট্রটির প্রায় সব অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিছুটা ব্যক্তিগত উদ্যোগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে আরও সময় লাগতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত