ইরান চুক্তি না মানলে নিষেধাজ্ঞা প্রত্যাহার নয় : বাইডেন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩০ পিএম

 

রূপান্তর ডেস্ক

২০১৫ সালের পরমাণু চুক্তির শর্তগুলো না মানা পর্যন্ত ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র। গত রবিবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নির্বাচনী প্রচারণায় ইরানের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। সাবেক ট্রাম্প প্রশাসন এ চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেয়। বাইডেন সমঝোতায় ফেরার কথা বললেও অন্যান্য বিষয়ের পাশাপাশি ইরানের আঞ্চলিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার তাগিদ দিয়েছিলেন। তবে ২০২১ সালের ২০ জানুয়ারি হোয়াইট হাউজে অভিষেকের পর তেহরানের ব্যাপারে দৃশ্যত হার্ডলাইনে যান তিনি।

দায়িত্ব গ্রহণের পর থেকেই বাইডেন প্রশাসন বলে আসছে, ইরান পুরোপুরিভাবে চুক্তিতে ফেরার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আলোচকরা দেশটির সঙ্গে কোনো আলোচনায় যাবেন না। এর ধারাবাহিকতায় রবিবার বাইডেন সাফ জানিয়ে দেন, স্রেফ আলোচনার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকা যদি আগে তেহরানের ওপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, তবেই ইরান পূর্ণাঙ্গ চুক্তিতে ফিরবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত