রাজধানীর পল্লবী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০১:২২ এএম

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আত্মগোপনে থাকা আসামি মফিজুর রহমান মামুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। তার বিরুদ্ধে পল্লবী থানায় ২৭টি মামলা, ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা ও ২টি সাজা পরোয়ানার তথ্য পেয়েছে পুলিশ।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে পল্লবীর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম।

ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, রাষ্ট্রবিরোধী একটি সন্ত্রাসী চক্র টার্গেট কিলিং ও ব্যাপক সহিংসতা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে চোরাবাজার থেকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহের চেষ্টা করছে মর্মে তথ্য পায় ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। এরই ধারাবাহিকতায় এ চক্রের সদস্য সন্দেহে মফিজুর রহমান মামুন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ওয়ালিদ হোসেন আরও জানান, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারি আসামি মফিজুর রহমান মামুন বলে জানা যায়।

তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, মাদক, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও ডাকাতির অভিযোগে পল্লবী থানায় ২৭টি মামলা, ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা ও ২টি সাজা পরোয়ানা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত