সুদানে জাতিসংঘ শান্তি পদক পেলেন ২১ পুলিশ সদস্য

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৪ এএম

সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটে অপারেশনস অফিসার হিসেবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া পিপিএম জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হয়েছেন। গতকাল সোমবার সুদানের এলফেশার সুপার ক্যাম্পের বঙ্গবন্ধু ক্যাম্পে উনামিড পুলিশ চিফ অব স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না তাকে এ পদকের মেডেল পরিয়ে দেন।

পদক প্রদান অনুষ্ঠানে আহমাদো মান্না বলেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা উনামিড মিশনের শুরুতে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শান্তি প্রতিষ্ঠা ছাড়াও সুদানের স্থানীয় জনগণের জীবন-মানের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষায় সর্বোচ্চ ট্রুপস প্রেরণকারী দেশ, যা সম্ভব হয়েছে তাদের পেশাদারিত্ব এবং কমিটমেন্টের ফলে।

অপারেশনস অফিসার মাসুক মিয়া পিপিএম বলেন, আমরা দারফুরে ২০১৯ সালের মে মাস থেকে দায়িত্ব পালন করে আসছি। আমাদের এই দীর্ঘ যাত্রাপথ মসৃণ ছিল না। তবে এই পদক আমাদের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। তিনি জানান, গতকাল মোট ২১ জন বাংলাদেশি পুলিশ সদস্য জাতিসংঘ শান্তি পদক লাভ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত