নারীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় খুন: ২ জনের ফাঁসি, তিনজনের যাবজ্জীন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫২ পিএম

বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে সনাতন চন্দ্র প্রামানিক নামের এক স্বেচ্ছাসেবক খুনের মামলায় দুজনের ফাঁসি এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসরাত জাহান এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম দক্ষিণপাড়ার আলমগীর হোসেনের ছেলে বিপুল (২৭) ও বগুড়া শহরের সুত্রাপুরের আইনুল হকের ছেলে অরুন (২৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন রাজিব  সরকার (৩০) রাফিউল ইসলাম রনি (২৭) ও আলম (২৫)। 

রাষ্ট্রপক্ষের আইনজীবি বিনয় কুমার ঘোষ রজত জানান, ২০১৬ সালের ২ এপ্রিল শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম আদি কালিবাড়ি প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের হরিবাস চলছিল। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সনাতন চন্দ্র প্রামানিকসহ আরো কয়েকজন যুবক। রাত ১১টার দিকে হরিবাসরে আগত নারীদের উত্যক্ত করছিল স্থানীয় কিছু যুবক। সনাতন এর প্রতিবাদ করলে রাত সাড়ে ১১টার দিকে আসামিরা তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সনাতন মারা যান। এ ঘটনায় নিহতের বাবা সুরথ চন্দ্র প্রামানিক বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। 

শাজাহানপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র কুন্ডু মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর স্বাক্ষিদের জবানবন্দী গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত