শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনাসহ গ্রেপ্তার ৮

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৫ এএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনস থেকে ৭ কেজি সোনা (৬০টি বার) জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। যার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। এ সময় ইউএস-বাংলার ক্যাটারিং সার্ভিসের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টায় ক্যাটারিং সার্ভিসের গাড়ি থেকে সোনাগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গ্রেপ্তাররা হলেন– ক্যাটারিং সহকারী আলী রেজা, সাদ্দাম হোসেন, রাশেদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু সালেহ, হানিফ দেওয়ান, জাহেদুর রহমান ও ক্যাটারিং হেলপার আশরাফুল আলম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার আলম ভুঁইয়া জানান, এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

শুল্ক গোয়েন্দারা জানান, ইউএস-বাংলার দুবাই থেকে আসা ফ্লাইট বিএস ৩৪২ বিমানবন্দরে অবতরণ করে। এরপর ফ্লাইট থেকে যাত্রীদের উচ্ছিষ্ট খাবারের বক্স নামিয়ে গাড়িতে তোলার পর সেটি তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৬০ পিস সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউএস-বাংলার ক্যাটারিং সার্ভিসের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত