৪৬৬ সরকারি গাড়িচালক নিয়োগের বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪০ এএম

৪৬৬ গাড়িচালক নিয়োগে সরকারি যানবাহন অধিদপ্তরের জারি করা নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছে উচ্চ আদালত। একই সঙ্গে সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার ও পরিচালকের (নৌ) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাস্টার রোলে কর্মরত ২৮ গাড়িচালকের করা আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও আবদুস সাত্তার পালোয়ান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কািন্ত রায়।

সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাস্টার রোল ভিত্তিতে নিয়োগ পাওয়া চালকদের চাকরি না দিয়ে পরিবহন পুল চালক নিয়োগে ২০১৭ সালে আগস্ট ও সেপ্টেম্বরে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২৮ চালক হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের পরিপ্রেক্ষিতে জারি রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৮ সালের ৩ অক্টোবর এক রায়ে বিজ্ঞপ্তি দুটি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। রায়ে ২৮ চালককে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে নির্দেশ দেয় আদালত।

আবেদনকারীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জানান, হাইকোর্টের রায়ের দুই বছরের বেশি সময় পার হলেও বিবাদীপক্ষ কোনো আপিল কিংবা রায় বাস্তবায়ন না করে চলতি বছর ৭ জানুয়ারি ৪৬৬ জন চালক নিয়োগে ফের বিজ্ঞপ্তি দেয় সরকারি যানবাহন অধিদপ্তর। এরপর আবেদনকারীদের পক্ষে বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়।

শুনানি নিয়ে হাইকোর্ট তার আদেশে ওই বিজ্ঞপ্তিটি স্থগিত এবং সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার এবং পরিচালকের (নৌ) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত