সাভারে ঘরে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ, স্বামী পলাতক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৭ পিএম

সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকা থেকে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এলাকার জাহানারা বেগমের ভাড়াবাড়ির কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। 

নিহতের নাম খুশী খাতুন (২৮)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার পার খুকশিয়া গ্রামের বেলাল শেখের মেয়ে। তিনি স্বামী রুবেলের সঙ্গে হরিণধরা এলাকায় ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী স্টারলিং কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার স্বামী অটোরিকশা চালাতেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বোন সেলিনা বেগম বলেন, আমার বোনের সঙ্গে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে খুশী। 

স্থানীয় ৪নং ওয়ার্ড মেম্বার কাজল হোসেন বলেন, সকালে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে খুশি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে তার স্বামীর সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্যের জের এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত