কুষ্টিয়ায় বকেয়া মজুরির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:১১ এএম

কাজ করে মজুরি না পাওয়ায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। গতকাল বুধবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল আদালত ভবনে যাতায়াতের সংযোগ রাস্তায় ময়লা ছিটিয়ে তাদের কাজে ব্যবহৃত সরঞ্জাম রাস্তার ওপর রেখে মজুরির দাবিতে বিক্ষোভ করেন পরিচ্ছন্নতা কর্মীরা।

তাদের মধ্যে মালতী রানী বাঁশফোড় অভিযোগ করেন, কুষ্টিয়া আদালত প্রাঙ্গণের কাজের জন্য তিনটি পদ আছে, যারা কাজ করতেন তারা সবাই মারা গেছেন, এখন সেখানে কোনো নিয়োগ দিচ্ছে না। আবার আমাদেরকে কাজে খাটিয়ে ঠিকমতো মজুরিটাও দিচ্ছে না। এক দিন কাজ করলে আমরা পাই ১৭০ টাকা। সেটাও যদি মাসের পর মাস বছরের পর বছর ধরে বাকি রেখে কাজ করতে হয়। মজুরি না পেলে তারা আর কাজ করবেন না বলে জানান।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জোয়াদ্দার জানান, ‘এসব চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিষয়টি নাজির সাহেব দেখেন; উনি ভালো বলতে পারবেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজির আলাউদ্দিন বলেন, সুইপারদের কাজের বিল পরিশোধে আমরা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠাই। সেখান থেকে পাস হয়ে এলেই ওদের টাকা পরিশোধ করে দিই। ইতিমধ্যে এদের মজুরি বাবদ সমুদয় টাকা পরিশোধের জন্য চাহিদাপত্র পাঠিয়েছি। টাকা এলেই পরিশোধ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত