ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক আলোচিত বিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আবু আহসান হাবিবের নির্দেশে ও বিয়ের শর্তে জামিন লাভ করেন নাজমুল হোসেন (১৯) নামের এক ধর্ষণ মামলার আসামি।
ছেলে ও মেয়ের আত্মীয়-স্বজন ও উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুর ইসলাম নুরুল।
তিনি জানান, গত বছরের জানুয়ারি মাসে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার জাহিদ বিশ্বাসের ছেলে নাজমুল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়। মামলায় বলা হয়, প্রেমের সম্পর্কের সুবাদে তরুণীকে পাশবিক নির্যাতন করেন নাজমুল। এই মামলায় আসামি কারাগারে ছিলেন। এক বছর এক মাস পর ভুক্তভোগী তরুণীর সঙ্গে আসামির বিয়ের শর্তে বৃহস্পতিবার জামিন লাভ করেন নাজমুল।
জামিনের পরে আদালতেই কাজী মুফতি আরিফ বিল্লাহর উপস্থিতিতে তিন লাখ টাকার দেন মোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিষয়টি নিয়ে সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, বিয়ের পর খাওয়া-দাওয়া শেষে কন্যা জামাইকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়।
