ফেনীর দাগনভূঞায় নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন এসিল্যান্ড। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মাসুমা জান্নাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, আজিজ ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছে অভিভাবকেরা। এমন সংবাদের ভিত্তিতে আমরা রামনগর ইউনিয়নের কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় দেখা যায়, কনের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। এ ছাড়া কনে আজিজ ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করে। পরে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের দায়ে কনের মা-বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে পালানোর চেষ্টাকালে বর পক্ষকে আটক করে বরের বাবা ও মায়ের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না মর্মে বর-কনে পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।
