লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের নানা হুমকি-ধামকি প্রদর্শন ও বহিরাগত লোকদের অনুপ্রবেশ করানোর অভিযোগ এনে মানববন্ধন করেছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র প্রার্থী আলমগীর হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এ সময় আলমগীর বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই জাপাসহ অন্যান্য রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিয়ে আসছে নৌকার মনোনীত প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু ও তার কর্মী-সমর্থকরা। সাধারণ ভোটারদের নানা ভয়-ভীতি প্রদর্শন, ভোটের দিন ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি ও বহিরাগত লোকজনের আনাগোনা বেড়ে গেছে। এতে এলাকার ভোটারসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন মেজু বলেন, কাউকে হয়রানি বা কোনো ধরনের হুমকি-ধমকির ঘটনা আমার জানা নেই।’ উল্লেখ্য, আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারি) রামগতি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
