সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় জালিয়াতির অভিযোগে দক্ষিণ আফ্রিকায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিবিসি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সদস্যরা রয়েছেন।
তারা অবশ্য এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেননি। আইনজীবীরা তাদেরকে দুর্নীতি এবং মানি লন্ডারিং এর দায়ে অভিযুক্ত করেছেন। অর্থমূল্যে যার পরিমাণ প্রায় সাত লাখ ডলার।
১৯৯৪ সালে বর্ণবৈষম্য শেষ হওয়ার পর ম্যান্ডেলা ছিলেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা।
২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ইস্টার্ন কেপ এর কুনুতে, ২০১৩ সালের ডিসেম্বরে, ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী, কয়েকজন ব্যবসায়ী এবং ক্ষমতাসীন এএনসির আরও বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন।
আইনজীবীদের অভিযোগ যারা শোক জানাতে এসেছিলেন তাদের পরিবহনের জন্য ভুয়া অর্থ ব্যয়ের হিসেব দেখানো হয়েছে।
একই সঙ্গে ইস্ট লন্ডনে যেসব ভেন্যুতে স্মরণ-সভার আয়োজন করা হয়েছিল সেখানেও একই রকম অভিযোগ উঠেছে।
তবে অভিযুক্তরা ইতিমধ্যেই জামিন পেয়ে গেছে এবং মার্চের পাঁচ তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
