উইন্ডিজদের কাছ থেকেই প্রেরণা নিচ্ছেন মিরাজ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫০ পিএম

প্রথম দুই দিনের মতো ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষেও বাংলাদেশের বিপক্ষে পরিষ্কার এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ঘণ্টায় ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে তিন উইকেট তুলে নেওয়ায় ম্যাচে ফেরার সুযোগও রয়েছে স্বাগতিকদের। এ দিন ব্যাট হাতে ফিফটি ও পরে টেস্ট ক্যারিয়ারে শততম উইকেটের দেখা পাওয়া মেহেদী হাসান মিরাজও সেই স্বপ্ন বুনছেন। একই সঙ্গে এই ম্যাচ জয়ের আশাও করছেন তিনি। এ ক্ষেত্রে এই অলরাউন্ডারের প্রেরণা উইন্ডিজই।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে প্রথম চার দিন দাপট দেখিয়েও পঞ্চম দিনে গিয়ে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। ৩৯৫ রানের লক্ষ্য ছুঁয়ে অবিশ্বাস্য গল্প লিখে ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই প্রেরণা নিতে চান মিরাজ।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সিনিয়র খেলোয়াড়রা যদি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিতে পারে, তাহলে এই ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। প্রথম ম্যাচে কি হয়েছে? আমরা কেউ কখনো ভাবিনি ওই ম্যাচ হেরে যাব। দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু হেরেই গিয়েছি। আমরা চিন্তা করেছিলাম, হয় আমরা জিতব নয়তো ম্যাচটা ড্র হবে।’

ব্যাট হাতে ৫৭ রানের ইনিংস খেলা মিরাজ বলে যান, ‘ক্রিকেট খেলায় সবকিছুই হতে পারে। লক্ষ্য যত রানই হোক না, সব খেলোয়াড়ের জন্য একটা চ্যালেঞ্জ থাকবে, একটা সুযোগ থাকবে। এমন ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে আমাদের আত্মবিশ্বাস অনেক ভালো থাকবে এবং ভবিষ্যতে আমাদের জন্য খুব ভালো হবে।’

৩ উইকেটে ৪১ রানে দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত লিড পেয়েছে ১৫৪ রানের। প্রথম ইনিংসে তাদের ৪০৯ রানের বিপরীতে ২৯৬ রান করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ক্যারিবীয়দের দ্রুতই গুটিয়ে দিলে লক্ষ্যটা নাগালে রাখার কথা জানিয়েছেন মিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত