প্রশ্ন : এক বন্ধু আমাদের সামনে হাসি-ঠাট্টা করে এক বান্ধবীকে বলল, ‘আমি তোকে বিয়ে করলাম।’ তখন বান্ধবীও পাল্টা ঠাট্টা করে জবাব দিল, ‘আমি কবুল করলাম।’ এরপর তারা আলাদা স্বাভাবিক জীবন করতে লাগল। এখন শরিয়তের দৃষ্টিতে এটি কি বিয়ে বলে গণ্য হবে, না বিয়েই সংঘটিত হয়নি? ওই মেয়েকে অন্যত্র বিয়ে দিতে কি তাদের মধ্যে তালাকের প্রয়োজন হবে?
সাকিনা আকবর নাদিয়া, ঢাকা
উত্তর : হাসি-ঠাট্টা করে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ের প্রস্তাব করা এবং কবুল বলার দ্বারাও বিয়ে হয়ে যাবে। রাসুল (সা.) ইরশাদ করেছেন। তিনটি বিষয় আছে যা স্বাভাবিকভাবে করলেও কার্যকর হয় এবং ঠাট্টাচ্ছলে করলেও কার্যকর হয়। বিয়ে, তালাক এবং তালাক (রাজয়ি) দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়া। (তিরমিজি, হাদিস : ১১৮৪)
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে সাক্ষীদের সামনে ইজাব-কবুল বলার কারণে তাদের বিয়ে হয়ে গেছে। তাই মেয়েটিকে অন্যত্র বিয়ে দিতে চাইলে আগে বন্ধুর কাছ থেকে তালাক নিতে হবে। অন্যথায় অন্যত্র বিয়ে দেওয়া জায়েজ হবে না। তবে বিয়ের পর যেহেতু নির্জনবাস হয়নি, তাই ইদ্দতের প্রয়োজন হবে না। তালাকের পরপরই মেয়েটি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে।
সূত্র : ফাতহুল কাদির ৩/১১০; ফাতাওয়া খানিয়া ১/৩২৭; রদ্দুল মুহতার ৩/১১; ফাতাওয়া তাতারখানিয়া ৪/১৩।
