উল্লাপাড়ায় ভাঙা লাইন

ট্রেন থামিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন তরুণরা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৫ এএম

তিন তরুণের তাৎক্ষণিক উদ্যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরঘাটিনা এলাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন। গতকাল শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নীলসাগর এক্সপ্রেসের প্রায় ৩০০ যাত্রী বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পান।

চরঘাটিনা গ্রামের মওলানা সাদ্দাম হোসেন (২২) জানান, তিনি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একই এলাকার আমিন হোসেন (২৫) রেললাইনের একটি অংশ ভাঙা দেখে তাকে জানান। এ সময় নীলসাগর ট্রেন আসার সময় হওয়ায় তিনি বিষয়টি কাছের গেটম্যানকে জানান। গেটম্যান তাকে দ্রুত একটি লাল কাপড় দিয়ে ট্রেন থামানোর পরামর্শ দেন। পরে তিনি ওমর ফারুক (১৭) নামে এক কিশোরের সহযোগিতায় লাইনের ওপর মেলে ধরেন এক টুকরো লাল কাপড়। ফলে ট্রেনের চালক তা দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন।

এরপর উল্লাপাড়া স্টেশনমাস্টারকে বিষয়টি জানালে মেরামত টিম এসে ভাঙা অংশ সংস্কার করে।

উল্লাপাড়া স্টেশনের সহকারী মাস্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইনটি দ্রুত মেরামত করে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হলে ১৫ মিনিট পর নীলসাগর ট্রেনটি রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত