বন সুরক্ষার শপথে মোংলায় ‘সুন্দরবন দিবস’ পালিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:০৬ পিএম

রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণার দাবি এবং বন সুরক্ষার শপথে নানা কর্মসূচির মধ্যদিয়ে উপকূলীয় মোংলায় পালিত হয়েছে ‘সুন্দরবন দিবস-২০২১’।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত বননির্ভরশীলদেরকে বনের ক্ষতি না করার জন্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার।

এ সময় বননির্ভরশীল নারী-পুরুষেরাও বনের ক্ষতি না করে বরং তা সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হন।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটার কিপার এই কর্মসূচির আয়োজন করে।

পরে সুন্দরবনের বাঘ-হরিণ নিধন ও সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে মাছ ধরা এবং বনের অগ্নিকাণ্ড বন্ধসহ সুন্দরবন সুরক্ষার দাবিতে পৌর শহরের চৌধুরীর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী নুর আলম শেখ ও বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত