বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। রবিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা, নাবিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্বপূর্ণ ও সাহসী কার্যক্রমের জন্য পদক প্রদান করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দুই যুগেরও অধিক সময় ধরে সমুদ্র বাণিজ্য ও উপকূলীয় জনগণের নিরাপত্তা বিধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এ বাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। খুব শিগগিরই যুক্ত হবে অত্যাধুনিক অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি), হোভার ক্র্যাফট ও অন্যান্য উচ্চ প্রযুক্তি সম্পন্ন জলযান। এ সব জলযান দ্বারা এ বাহিনী অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জাতির কল্যাণ সাধনে তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ দৃষ্টিভঙ্গির কারণে বর্তমান সরকারের আমলে অব্যাহতভাবে এ বাহিনীর আধুনিকায়নের বিষয়টি চলমান রয়েছে’।
তিনি আরো বলেন, ‘উপকূলীয় এলাকায় অবস্থিত কোস্ট গার্ড এর বিভিন্ন বেজ, স্টেশন ও আউটপোস্টে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ বাহিনীর পরিপূর্ণ বিকাশ সুনিশ্চিত করা হবে’।
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুযোগ্য ও যুগোপযোগী দিক-নির্দেশনার ফলে এ বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা দেশপ্রেমের চেতনা সমুন্নত রেখে তাদের অটুট মনোবল, নিরলস কর্মস্পৃহা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সরকার কর্তৃক ঘোষিত রূপকল্প ২০৩০ ও ২০৪১ বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবে মর্মে অঙ্গীকার ব্যক্ত করছি’।
