আফগানিস্তান ও ইরান সীমান্তের একটি কাস্টমস পোস্টে জ্বালানিবাহী ৫০০ গাড়ি বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স। স্থানীয় লোকজনও পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে। সীমান্তবর্তী শহর ইসলাম কালায় ওই দুর্ঘটনা ঘটেছে।
একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণের মাধ্যমেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর তা আশপাশে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে ওই ট্যাংকারটি বিস্ফোরিত হয়েছে তা এখনো নিশ্চিত নয়।
পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের গভর্নর ওয়াহেদ কাতালি বলেন, বিস্ফোরণের ফলে ইসলাম কাল্লা স্থলবন্দরে পার্ক করে রাখা অসংখ্য জ্বালানি ভর্তি ট্যাংকারে আগুন লেগে যায়। তিনি জানান, অগ্নিকাণ্ডের ভয়াবহতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণের জন্য ইরান ও আফগানিস্তানে মোতায়েন ন্যাটো কর্মীদের সহায়তা চাওয়া হয়েছে।
এপি অন্তত ৫০০ জ্বালানি ভর্তি তেল ও গ্যাস ট্যাংকারে আগুন লেগে যাওয়ার খবর জানিয়েছে। অগ্নিকাণ্ডে বেশ কিছু বৈদ্যুতিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হেরাত শহরের বেশিরভাগ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। আফগান নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকর্মীরা শত শত জ্বালানি এবং গ্যাস ট্যাংকার ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে।
