পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত থেকে ওমর ফারুক (২৪) নামে পঞ্চগড় পুলিশে কর্মরত এক সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমন্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ওই পুলিশ কনস্টেবল পঞ্চগড় আদালতে বিচারকদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলায়।
স্থানীয়রা জানায়, রবিবার রাত সাড়ে ৮টায় পুলিশ কনস্টেবল ওমর ফারুকসহ পঞ্চগড় পুলিশের ৩ সদস্য পঞ্চগড় সদর উপজেলার মোমিনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় অংশে যায়।
এ সময় কয়েকজন ভারতীয় মাদক ব্যবসায়ীর সঙ্গে তাদের তর্ক হয়। তর্কের একপর্যায়ে তারা ওমর ফারুককে আটক করে মারধর করে। পালিয়ে যায় পুলিশের অপর দুই সদস্য।
পরে পাশর্^বর্তী ভারতীয় চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যায়। তবে তারা কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন আর কেনই বা ভারতীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি বিজিবি।
এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়কের নম্বরে বারবার কল করলেও তিনি ফোন ধরেননি।
তবে পঞ্চগড় বিজিবির ঘাগড়া ক্যাম্প সূত্রে জানা গেছে, এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন তারা।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই পুলিশ সদস্য আদালতে বিচারকদের নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার সঙ্গে আরও দুজন ছিলেন বলে আমরা শুনেছি। তবে কারা ছিলেন এবং কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত না। এ বিষয়ে তদন্ত চলছে।’
