চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে পিএসজি। মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যু থেকে ফিরেছে দাপুটে জয় নিয়ে। যদিও লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনাই। তবে বার্সার পক্ষে যাওয়া রেফারির পেনাল্টির সিদ্ধান্তে অবাক হয়েছিলেন নেইমার।
আক্রমণে ঢুকে পড়া ফ্রেংকি ডি ইয়ংকে ডি-বক্সে পেছন থেকে ফাউল করেছিলেন পিএসজির লেইভিন কুরজাওয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুবাদে ২৭ মিনিটে মেসির সফল স্পট কিক থেকে এগিয়ে যায় বার্সা। কিন্তু রেফারির সিদ্ধান্তে একমত হতে পারেননি নেইমার।
ছয়টি হাসির ইমোজি দিয়ে নেইমার টুইটারে লিখেন, ‘এই পেনাল্টি পুরোই ‘জোক’।’
তবে কিছুক্ষণের মধ্যেই নেইমার তার পোস্ট মুছে ফেলেন। কিলিয়ান এমবাপ্পে গোল করে সমতা ফেরান ম্যাচে। নেইমার টুইট করে তা উদ্যাপন করেন।
শেষ পর্যন্ত এমবাপ্পের হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় তুলে নেয় পিএসজি। ইনজুরির কারণে নেইমার ম্যাচটিতে ছিলেন না।
