বেরোবির সেই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৮ পিএম

শিক্ষার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে নম্বর কম দেওয়ার অভিযোগে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি পেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসী রায়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ফোরামের ৭৬তম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত  মৌটুসী রায় বিভাগের কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যোগ দিতে পারবেন না।’

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ৪০২ নম্বর  কোর্সের ‘ট্রান্সলেনস স্টাডিজ’ বিষয়ের ৫০ নম্বরের কন্টিনিয়াস ফলাফল প্রকাশ করেন মৌটুসী রায়।

ফল প্রকাশের পর ওই ব্যাচের শিক্ষার্থীরা সেদিন রাতেই কোর্স শিক্ষক মৌটুসী রায়ের বিরুদ্ধে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে তার মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে গণআত্মহত্যার হুমকি দেয়।

তার কিছুক্ষণ পরেই ওই ব্যাচের তিন শিক্ষার্থী নাম উল্লেখ করে মধ্যরাতে নিরাপত্তা চেয়ে তাজহাট থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন ওই শিক্ষিকা। নম্বর কম দেওয়া থেকে পরিত্রাণ এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে জিডি প্রত্যাহারের দাবিতে পরদিন বিভাগের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানীকে আহ্বায়ক, ট্রেজারার অধ্যাপক ড. হাসিবুর রশিদ এবং রসায়ন বিভাগের প্রধান তানিয়া তোফাজকে সদস্য করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে একাডেমিক কাউন্সিল।

তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে কোর্স শিক্ষক মৌটুসী রায়কে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতির সুপারিশ করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ফলাফল পুনঃমূল্যায়ন করার সুযোগ দেওয়ার বিষয়টিও সুপারিশে উঠে আসে তদন্ত কমিটির প্রতিবেদনে।

চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে শিক্ষক মৌটুসি রায় বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আসলে প্রমাণিত কিনা এমন কোথাও উল্লেখ নাই। আর প্রমাণিত যদি না হয় তাহলে কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো? তদন্ত কমিটি কোন প্রক্রিয়া অনুসরণ করেছে? খাতাগুলো দেখা কিংবা অন্য কোনাভাবেই অভিযোগটা ঠিক কিনা এ বিষয়ে ক্লিয়ার কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি তদন্ত কমিটির কোনো চিঠি আমি পাইনি।

তদন্ত কমিটির কেউ তার সাথে সরাসরি যোগাযোগ করেননি বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমাকে ফোন দিয়ে কথা বলেছেন এর বাইরে আর কিছুই না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত