বরিশালে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২২ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক (মেস) শিক্ষার্থীদের ওপর মাঝরাতে হামলা মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল ওই মানববন্ধনের আয়োজন করে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলার আহ্বায়ক  সাগর দাস এর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাসদ বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি প্রতিভা রায়, সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি আদনান রাকিব, ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ইকবাল মাহমুদ অনীক, রূপাতলী এলাকাবাসীর পক্ষ থেকে নুরুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল দাস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভাড়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালে ছাত্রদের সঙ্গে রূপাতলী বাস মালিক সমিতির দ্বন্দ্বের প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি রূপাতলী হাউজিংয়ে গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে মেসে নৃশংস হামলা চালানো হয়েছে। এই ন্যক্কারজনক সন্ত্রাসী হামলায় ১৫ শিক্ষার্থী আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

রাজনৈতিক প্রশ্রয়ে বরিশালকে দিনে দিনে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর এই নৃশংস হামলার ঘটনাও এই সন্ত্রাসীদেরই আস্ফালন মাত্র। বক্তারা অবিলম্বে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত