বৃহস্পতিবার বরিশালে বিএনপির সমাবেশে দু’পক্ষে চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটেছে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীদের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল ৩টায় বরিশাল জেলা স্কুল মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ (বীরবিক্রম)।
বিকেল সাড়ে চারটার দিকে দু’পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি ও হট্টগোল বাঁধে। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর করে তারা। এ সময় সমাবেশ আসা সাধারণ নেতা-কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এ ঘটনায় সমাবেশের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়। পরে স্থানীয় ও জাতীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আপনারা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছেন। আমাদের মঞ্চে আগুন জ্বালানোর দরকার নাই। রাজপথে আন্দোলন গড়ে তুলুন। দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কি না সেটা জিজ্ঞেস করুন। আমরা ভোট ডাকাতির সরকারের পতন দেখতে চাই’।
