রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় চলন্ত রিকশা রাস্তার গর্তে আটকে গেলে ছিটকে পড়ে ইউসুফ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বড় বোন সাবিহা আক্তার (১২) আহত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় ইউসুফকে মৃত ঘোষণা করেন।
শিশুর মা ইয়াসমিন আক্তার জানান, তারা দক্ষিণ বনশ্রী এ ব্লকের শাপলা বিল্ডিংয়ে থাকেন। ইউসুফের বাবার নাম শহিদুল ইসলাম টিটু। এক ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ ছিল সে।
তিনি জানান, বিকেলে মেয়ে সাবিহা, ছেলে ইউসুফ ও আরেক শিশু বাচ্চাকে নিয়ে তিনি নন্দীপাড়ায় যাযন। সেখান থেকে একটি মশারি কিনে পায়ে চালিত রিকশায় বাসায় ফিরছিলেন। পথে খিলগাঁও নন্দীপাড়া জ্যামের মধ্যে চলন্ত রিকশা হঠাৎ ব্রেক করলে সাবিহা ও তার কোলে থাকা ইউসুফ দু’জন রাস্তায় পড়ে যায়। এতে ইউসুফ মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। আর সাবিহা নাকে ও ঠোঁটে আঘাত পায়।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাকিব আল হাসান জানান, ঘটনাটি দক্ষিণ বনশ্রি এপেক্স শোরুমের সামনে হয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশাটির চাকা গর্তে পড়ে গেলে রিকশা থেকে ছিটকে পড়ে শিশুটি। তখন একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। প্রাইভেটকারটি পালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে আর তার বড় বোন সাবিহাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।
