চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন এটিএম শামসুজ্জামান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৬ পিএম

গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা এ টি এম শামসুজ্জামান। রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, তিনি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ বিকেল চারটার দিকে তাকে বাসায় আনা হয়।

বুধবার বিকেলে তীব্র শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান গণমাধ্যমকে জানান,  এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছিলো। ১৭ ফেব্রুয়ারি সকাল থেকে তার অবস্থা খারাপ হওয়ায় সেদিন বিকেল চারটায় হাসপাতালে নেওয়া হয়।

এদিকে দুই দিনের চিকিৎসায় তার শারীরিক সব পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ হয়েছে। সব পরীক্ষায় ভালো ফল এলেও রক্তে কিছুটা সমস্যা পেয়েছেন চিকিৎসকেরা। নিয়মিত চিকিৎসকদের পথ্য অনুসরণ করলে শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালে ভর্তির পর থেকেই গত দুই দিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ টি এম শামসুজ্জামানের মেজ মেয়ে কোয়েল আহমেদ তার বাবার শারীরিক পরীক্ষার বেশির ভাগ রিপোর্ট হাতে পেয়েছেন। তাতে মনে হয়েছে হাসপাতালে আর থাকার দরকার নেই। তা ছাড়া চিকিৎসকেরাও এই অভিনেতাকে হাসপাতালে রাখতে চাচ্ছিলেন না। কারণ, সেখানে করোনা ইউনিট ছিল। চিকিৎসকদের বরাত দিয়ে কোয়েল বলেন, ‘বাবার বড় ধরনের কোনো সমস্যা নেই। আগের সব ওষুধ বদলে দেওয়া হয়েছে। নতুন করে রক্তে একটি ইনফেকশন ধরা পড়েছে। সে জন্য নিয়মিত ইনজেকশন দিতে হবে। বাসায় নিয়মিত চিকিৎসা নিলেই তিনি সুস্থ হয়ে উঠবেন।’

এর আগে ২০১৯ সালের এপ্রিলে অসুস্থ হয়ে পড়লে পুরনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে বড় একটি অপারেশনও হয় তার। প্রায় চারমাস হাসপাতালে থাকতে হয়েছিলো তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত