ফরিদপুরের আটরশীতে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে ৮ দিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী শুক্রবার এর সমাপ্তি হবে।
আজ বেলা ১১টার দিকে বিশ্ব জাকের মঞ্জিলের মাদ্রাসা ভবনের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম. এস. শহিদুল ইসলাম শাহীন জানান, এ বছর করোনা ভাইরাসের কারণে গণজমায়েত কমিয়ে আনার লক্ষ্যে দেশের সকল অঞ্চলকে আটটি বিভাগে বিভক্ত করে প্রতি বিভাগের জন্য একদিন করে আট দিনে উরস শরীফ উদ্যাপন হবে। প্রাত্যহিক ফরজ ইবাদতের পাশাপাশি এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত এবং সুন্নত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত অনুষ্ঠিত হবে।
তিনি জানান, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেব। পরে তার স্থলাভিষিক্ত পিরজাদা আলহাজ্ব খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবার অংশগ্রহণকারীদের সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও বৃহৎ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের ফরিদপুর বিভাগীয় প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দিকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
