প্রিমিয়ার লিগের দুই ক্লাবের বিপক্ষে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যা নিয়ে তদন্তও শুরু করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ক্লাব দুটি হলো- আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন। এই দুটি ক্লাবের ৫ ম্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করে খোদ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ বিষয়ে বলেন, ‘এ নিয়ে গত বেশ কিছু দিন ধরেই আমরা কাজ করছি। আরামাবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকায়, সেই বিষয়ে আমরা তাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। তাদের কাছে কিছু উত্তর পেয়েছি এবং আরো সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তাদের কাছে আরো ব্যাখ্যা চাওয়া হয়েছে।’
পাতানোর ম্যাচের বিষয়ে বাফুফের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আবু নাঈম আরো বলেন, ‘এ বিষয়গুলো নিয়ে একটা পর্যায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাতানো খেলা সংক্রান্ত যে কমিটি রয়েছে, তারাও কাজ করবে। আমরা নিশ্চিত করতে চাই, ফিফা ও এএফসির নির্দেশনা অনুযায়ী পাতানো খেলা প্রসঙ্গে বাফুফে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের অবস্থান খুব পরিষ্কার। ম্যাচের সৌন্দর্য রক্ষা করার জন্য বাফুফে স্ট্রেট ফরোয়ার্ড ওয়েতে কাজ করবে।’
