নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে তামান্না আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৪টায় উপজেলার কুন্দারপাড়া বিলপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তামান্না আক্তার কুন্দারপাড়া বিলপাড় এলাকার মনির মিয়ার স্ত্রী ও পাশের ইটনা উত্তরপাড়া গ্রামের হারুন মিয়ার মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে নিহত গৃহবধূর ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকতে দেখে বাড়ির লোকজন। দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকতে দেখে ডাকাডাকি করার পরও দরজা খুলছিলেন না গৃহবধূ তামান্না আক্তার। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। পরে শিবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম বলেন, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে। গৃহবধূর সঙ্গে শাশুড়ির পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ ছিল। এ ঘটনায় স্বামী মনির মিয়াসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তর রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। আর এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
