আইপিএল ইতিহাসে সবচেয়ে উপেক্ষিত ক্রিকেটার মুশফিক!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৬ পিএম

আইপিএল ইতিহাসে সম্ভবত সবচেয়ে উপেক্ষিত ক্রিকেটারের নাম মুশফিকুর রহিম। ১৪ বার আইপিএল নিলামে নাম দিয়েও দল পেলেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে গত বছরের আসর পর্যন্ত নিলামে নিজের নাম অন্তর্ভুক্ত করেন মুশফিক। কিন্তু একবারও কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার কথা ভাবেনি। প্রতিবার নিলামে অবিক্রীত থেকেছেন আন্তর্জাতিক ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার।

গতবারের ব্যাপারটা তো একটু অদ্ভুতই ছিল। প্রথমে নিজে থেকেই নিবন্ধিত হতে চাননি মুশফিক। পরে আইপিএল থেকেই অনুরোধ এলে তিনি নাম দেন। মনে হচ্ছিল তাকে নিয়ে আগ্রহ আছে। কিন্তু শেষ পর্যন্ত একই ব্যাপারের পুনরাবৃত্তি- অবিক্রীত মুশফিক।

বিষয়টা নিয়ে মুশফিক নিজেও কিছুটা অবাক হয়েছিলেন। এ কারণেই বোধ হয় এ বছরের আইপিএল নিলামে নিজের নাম দেননি প্রথমে। তবে ব্রিটিশ পেসার মার্ক উড শেষ মুহূর্তে আইপিএল নিলাম থেকে নিজের নাম তুলে নেওয়ায় মুশফিকুর সিদ্ধান্ত বদলে নিলামে নাম দেন।

১ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে নাম ওঠে মুশফিকের। কিন্তু চিত্রটা থেকেছে আগের ১৩ বছরের মতোই। বাংলাদেশের অপর দুই তারকা মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান দল পেলেও উপেক্ষিত থেকে যান মুশফিক।

মোস্তাফিজ ১ কোটি রুপিতে যোগ দেন রাজস্থান রয়্যালসে। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।

মুশফিককে নিয়ে এবার বাংলাদেশের মোট ৫ জন ক্রিকেটার আইপিএল নিলামে নাম দিয়েছিলেন। শিকে ছেড়ে মাত্র দুজনের ভাগ্যে।

মুশফিক বাংলাদেশের হয়ে ৭২টি টেস্ট, ২২১টি ওয়ানডে ও ৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ২০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত