রাজধানীর মানিকনগরে আগুনে শতাধিক টিনশেড ঘর পুড়ে গেছে। রবিবার বিকেল সোয়া ৩টায় আগুন লাগার পর বিকেল পৌনে ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, আমরা ৩টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের নয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তে সাপেক্ষে জানা যাবে।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, মানিকনগর ওই এলাকাটি কুমিল্লা পট্টি নামে পরিচিত। সেখানে টিনশেড শতাধিক বসত ঘর রয়েছে। আগুন যার অধিকাংশই পুড়ে গেছে।
মানিক নগরের বাসিন্দা ইশারাফ হোসেন জানান, আগুনে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। হাজার হাজার উৎসুক মানুষ সেখানে ভিড় করে। তাদের ভিড়ের কারণে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে ব্যাপক বেগ পেতে হয়। সাধারণ মানুষকে সেখান থেকে তাদের টিনসহ বিভিন্ন নিত্যপণ্য সরিয়ে নিতে দেখা যায়। অনেকে ছাইভস্মের ভেতর থেকে তাদের পুড়ে যাওয়া বা আধা পোড়া জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছিলেন।
কুমিল্লা পট্টির বাসিন্দা মনোয়ারা বেগম মাতম করতে করতে বলেন, আগুনে আমার সব শেষ। এখন আর আল্লাহই জানেন আমরা এখন কোথায় যাব।
আগুন নেভার পর ফায়ার সার্ভিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, গ্যাসের চুলা অথবা শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
