মাগুরায় শ্রীকুণ্ডী কলেজের শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬ পিএম

মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডী কলেজের শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার ২১ ফেব্রুয়ারি সকালে কলেজ শিক্ষকরা সেখানে শ্রদ্ধার্ঘ্য দিতে এসে ভাঙা অবস্থায় দেখতে পান।

কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে কলেজ চত্বরে নিজস্ব অর্থায়নে এ শহীদ মিনারটি নির্মাণ করা হয়। প্রতি বছরের মতো এবারও শিক্ষকদের নিয়ে তিনি সকালে এখানে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে লুটিয়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুর্বৃত্তরা এটি রাতের আঁধারে ভেঙে দিয়েছে। এটির সঙ্গে কোনো মৌলবাদী গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। সঠিক তদন্তর মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ৪ ফুট উচ্চতার শহীদ মিনারের নির্মাণে ৩টি পিলারে মোট ৬টি ৮ মিলিমিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ও সদর থানার ওসি জয়নাল আবেদীনসহ পুলিশের একটি দল উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ এলাকাবাসী সহযোগিতায় শহীদ মিনারটি পুনঃস্থাপন করে সেখানে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে পুলিশ ও কলেজ শিক্ষকরা।

 এ সময় সেখানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত