জয়ার থ্রিডি ছবি মুক্তি পাচ্ছে ১৯ মার্চ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:১১ পিএম

বাংলাদেশের প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’-এ অভিনয় করেছেন জয়া আহসান। সেই ছবি মুক্তি পাবে ১৯ মার্চ।

সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার শেয়ার করে এই খবর জানালেন পরিচালক হাবিবুর রহমান।

সরকারি অনুদানের নির্মিত হয়েছে ‘অলাতচক্র’। মুক্তি প্রসঙ্গে রবিবার ফেইসবুক হাবিবুর রহমান লেখেন, “শুভমুক্তি ১৯ মার্চ, ২০২১। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে; বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

মূল উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল।

১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’।

ছবিতে জয়া-রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে আছেন মাহতাব হাসান, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

এ ছবির শুটিং শেষ হয়েছে ২০২০ সালে শুরুতে। করোনার সময় সম্পন্ন হয় পোস্ট প্রোডাকশন। ডিসেম্বরেই বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এখন শুধু দর্শকের পাতে তোলার বাকি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত