আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি দিবস স্মরণে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করেছে ডাক অধিদপ্তর।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার ঢাকায় নিজ দপ্তরে দিবসটি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেন।
এ ছাড়া ৫টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করা হয়। মন্ত্রী এ সংক্রান্ত একটি সিলমোহর ব্যবহার করেন।
আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি দিবস ২২ ফেব্রুয়ারি। ১৯৬৯ সালের এই দিনে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার বঙ্গবন্ধুর মুক্তি লাভের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের এক ঐতিহাসিক সোপান রচিত হয়।
আগরতলা ষড়যন্ত্র মামলাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ২৩ বছরের ইতিহাসের একটি বিস্ময়কর ও গৌরবময় ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, এই মামলাকে কেন্দ্র করেই ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়।
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড সোমবার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।
