নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে করে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৫ পিএম

নোয়াখালীর সেনবাগে তাহমিনা আক্তার মিনা (৫৬) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিহতের স্বামী আবদুর রব প্রকাশ বাবুল ড্রাইভারকে (৬০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে সেনবাগের সাদেকনগর গ্রামের মজিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নারী দুই সন্তানের জননী ছিলেন।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল দীর্ঘদিন পর্যন্ত সৌদি আরবে ছিলেন। গত ৫-৬ মাস আগে দেশে আসার পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী মিনার সঙ্গে মনোমালিন্য চলে আসছিল তার।

মঙ্গলবার সকালে বাবুলের ঘরের ভেতর থেকে তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া শুনতে পায় বাড়ির লোকজন।

এর কিছুক্ষণ পর তারা তাহমিনার চিৎকার শুনে ঘরে গিয়ে বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাহমিনার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। এ সময় বাবুলের হাতে রক্তমাখা একটি ছুরি ছিল।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের স্বামী বাবুলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত