আইপিএল নয়, শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে থাকলে দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দেবেন মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাঁহাতি পেসার সাংবাদিকদের সরাসরি বলেছেন, তার কাছে সবকিছুর আগে দেশ।
এ বছরের আইপিএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুই ক্রিকেটার- সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস নিয়েছে মোস্তাফিজকে।
আইপিএলে দল পাওয়ার পরই সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চান। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। সাকিব সিরিজটিতে না খেলে আইপিএলে খেলার সিদ্ধান্ত নেন।
কাউকে জোর করে খেলিয়ে লাভ নেই, এই নীতিতে বিশ্বাস রেখে সাকিবকে ছুটি দিয়ে দেয় বোর্ড। সেই সঙ্গে জানায়, মোস্তাফিজও যদি দেশের হয়ে না খেলে আইপিএল খেলতে চায়, বোর্ড বাধা দেবে না।
সাকিবের সিদ্ধান্ত নিয়ে কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। মোস্তাফিজ কি করবেন, সে কৌতূহলও একই সঙ্গে সবার মধ্যে বাড়তে থাকে। অবশেষে মঙ্গলবার নিজের সিদ্ধান্ত জানালেন ফিজ।
কাটার মাস্টার খ্যাত পেসার বলেন, ‘যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি চাইলে রাজি না হওয়ার তো কিছু নাই। সবার আগে আমার দেশের খেলা।’
মোস্তাফিজ আরো বলেন, ‘যদি টেস্ট দলে না থাকি, আমি বিসিবিকে বলব। যদি বিসিবি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলব। দেশই আগে। দেশের হয়ে বা আইপিএলে খেলার বিষয়ে অন্য কোনো চাপ নেই।’
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এদিন নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে সাকিব এই সিরিজ থেকেও ছুটি নিয়েছেন।
