৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে রাজধানীতে তীব্র যানজট

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক।

পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে শিক্ষা কার্যক্রম ও ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে বুধবার নীলক্ষেত ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে নিউ মার্কেট-আজিমপুর সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সায়েন্স ল্যাব মোড়ও অবস্থান নেন একদল শিক্ষার্থী। ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। এই যানজট গাবতলী পর্যন্ত ছড়িয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (তেজগাঁও) অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ বলেন, শিক্ষার্থীদের অবস্থানের কারণে পুরো মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যা গাবতলী পর্যন্ত বিস্তৃত হয়েছে। যানবাহনগুলোকে বিকল্প রাস্তায় বের করে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

মিরপুর সড়কে যানজট হওয়ায় স্বাভাবিকভাবেই ফার্মগেট-শাহবাগ রোডের ওপর গাড়ির চাপ বেড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য আল্টিমেটাম দিলেও শিক্ষার্থীরা সেখান থেকে সরছেন না। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিল ও হল খুলে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

বেলা সোয়া তিনটায় গুগল ম্যাপে দেখা যায়, আবদুল্লাহপুর থেকে মিরপুর রোডে ল্যাব এইড পর্যন্ত সড়কটি থমকে আছে। গুগলের ম্যাপে এই সড়কের ওপর লাল চিহ্ন দেখা গেছে। রমনা পার্কের সামনের সড়ক, শাহবাগ, কাঁটাবন মোড় ও বাটা সিগন্যাল পর্যন্ত সড়কের অবস্থাও একই। পুরান ঢাকার বংশাল, নয়াবাজার সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে। একই অবস্থা মহাখালী থেকে সাত রাস্তা পর্যন্ত সড়কেও।

গত সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, রোজার ঈদের পর আগামী ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় সাত কলেজের সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়। পরে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

রাত ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করে ফিরে গিয়েছিলেন তারা। বুধবার শিক্ষার্থীরা ফের রাস্তায় নামলে এই যানজটের কবলে পড়তে হয় যাত্রীদের।

বুধবার সকালে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা রুটিন অনুযায়ী চলমান পরীক্ষা নেওয়াসহ আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোয় মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত