ক্রিকেটার নাসির ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৯ পিএম

ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তামিমার আগের স্বামী মো. রাকিব হাসানের করা মামলার তদন্ত করবে পিবিআই।

বুধবার রাকিবের জবানবন্দি শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। রাকিবের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ইসরাত হাসান।

আদালতের পেশকার হেলাল উদ্দিন বলেন, আগের বিয়ে চলমান থাকা অবস্থায় অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানি এবং ব্যভিচারের অভিযোগ করা হয়েছে মামলায়। মামলাটি তদন্ত করে আদালত ৩০ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।

মামলার আরজিতে তামিমার বয়স ২৯ এবং রাকিবের বয়স ৩২ বছর লেখা হয়েছে। আর ক্রিকেটার নাসিরের বয়স ৩০ বছর।

রাকিকের অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) তিনি করেছিলেন।

আরজিতে বলা হয়, তামিমার সঙ্গে রাকিবের বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু, একটি বিদেশি এয়ারলাইনসের তিনি কাজ করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে গতবছর মার্চে সৌদি আরবে গিয়ে তিনি লকডাউনে আটকা পড়েন। তবে ফোন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ ছিল।

তিনি বলছেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখান থেকেই বিষয়টি তিনি জানতে পারেন।

রাকিবের অভিযোগ, আগের বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমা নতুন বিয়ে করেছেন, যা ‘অবৈধ’।

মামলার আরজিতে দণ্ডবিধির ৪৯৪ ও ৪৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে নাসির ও তামিমার বিরুদ্ধে, যাতে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের সুযোগ রয়েছে।

মামলার আবেদনের বিষয়ে এ বিষয়ে নাসির বা তামিমার বক্তব্য জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত