ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ অব হোম ইকোনমিক্স ঘোষিত সকল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ইডেন কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আজ আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। সরকার সাত কলেজের পরীক্ষা নিচ্ছে অন্যদিকে আমাদের পরীক্ষা বন্ধ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে প্রহসন করছে।
অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালমা আক্তার বলেন, আমাদের ২০১৯ সালের পরীক্ষা আজ শুরু হওয়ার কথা। একইসাথে মাস্টার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দীর্ঘ সময় মিরপুর রোডের যানচলাচল বন্ধসহ আজিমপুরগামী সব যান চলাচল বন্ধ রয়েছে।
পরবর্তীতে পুলিশ এসে আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েক দফা সরিয়ে দিতে চাইলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের ‘দাবি একটাই পরীক্ষার হলে বসতে চাই’ বলে স্লোগান দিতে থাকেন।

এর আগে সোমবার বেলা সোয়া দুইটায় অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। তবে হলের ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল, সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।
এই ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। যার ধারাবাহিকতায় সকল পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
