মহেশপুরে তুচ্ছ ঘটনায় ৩ জনকে হাতুড়ি পেটা ও কুপিয়ে জখম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৭ পিএম

ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ এক পরিবারের ৩ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার কাজীর বেড় গ্রামে এই ঘটনটি ঘটে।

আহতরা হলেন- হ‌ুমায়ূন কবির ওরফে রানা (৩৮), তার চাচা মতিয়ার রহমান (৬০) ও চাচাতো ভাই সাইফুল ইসলাম (২৭)। এদের মধ্যে রানার অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিল আহত হ‌ুমায়ূন কবির রানার ছেলে রোহান (৮) ও প্রতিবেশী খোরশেদ আলমের ছেলে তামিম (৭)। খেলার ছলে একপর্যায়ে তারা মারামারি করে। শিশুদের মারামারির বিষয়টি তখন স্থানীয় আওয়ামী লীগ শরিফুল ইসলামের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয়।

কিন্তু রাত ৭ টার দিকে পার্শ্ববর্তী জিন্নানগর বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা খোরশেদের চাচা আবুল কাশেম ও তার সহযোগীরা রানার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

হামলার খবর পেয়ে রানার চাচা মতিয়ার রহমান ও চাচাতো ভাই সাইফুল ইসলাম তাকে বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করে সন্ত্রাসীরা। ধারালো অস্ত্রের আঘাতে মতিয়ার ও সাইফুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে রানার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

রানার ভাই টিংকু বলেন, আবুল কাশেমের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তিনি আবুল কাশেমসহ ১৪ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ দিকে এ ঘটনায় পুলিশ আবুল কাশেমের ছেলে হৃদয় (২৩) ও মৃত ইদার বক্সের ছেলে ইকরামুল ইসলামকে (৫৩) গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে আবুল কাশেমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত