ভারতের সর্বকালের সেরা স্পিনারদের তালিকা করলে অবধারিতভাবেই আসবে হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিনের নাম। কিন্তু যদি প্রশ্ন আসে, এই দুইয়ের মধ্যে সেরা কে? নিশ্চিতভাবেই এর উত্তর দিতে যে কেউ একটু দ্বিধায় পড়বেন। কিন্তু গৌতম গম্ভীর কোনো দ্বিধায় পড়লেন না। তিনি জানিয়ে দিলেন, তার দৃষ্টিতে কে সেরা।
ভারতের সেরা অফ-স্পিনার হিসেবে গৌতম গম্ভীরের ভোট পড়েছে হরভজনের বাক্সে। এর কারণও জানিয়েছেন ভারতের সাবেক ওপেনার।
ইএসপিএন-ক্রিকইনফোকে গম্ভীর বলেন, ‘দুটি প্রজন্মের মধ্যে তুলনা করা মুশকিল। তবে এই মুহূর্তে সবদিক বিবেচনা করে আমি সেরা সময়ের হরভজনকেই বেছে নেব।’
তার ব্যাখ্যা, ‘অশ্বিন সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা অফ-স্পিনার। তবে যদি তুলনা টানতেই হয়, ডিআরএস ছাড়া যে ধরণের পিচে ও খেলেছে, তাতে আমি ভাজ্জিকেই (হরভজন) সেরা বলব।’
পরিসংখ্যান বলছে, টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় হরভজনকে অচিরেই টপকে যেতে চলেছেন অশ্বিন।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টে অশ্বিন বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। চতুর্থ ভারতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেট ক্লাবের সদস্য হয়েছেন তিনি। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছেন কপিল দেব (৪৩৪), অনিল কুম্বলে (৬১৯) ও হরভজন সিং (৪১৭)।
