স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘অতিথি’ নামে একটি সংগঠনের একদল শিক্ষার্থী নিজেদের জমানো টাকায় সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মধ্যে খাবার বিতরণ করেছেন। গতকাল সোমবার দুপুরে সরকারি আদর্শ শিশু বিদ্যালয় প্রাঙ্গণে এসব শিশুর হাতে পোলাও, মুরগির রোস্ট, ডিম, বিস্কুট, কেক, চিপস ও পানিসহ খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।
হঠাৎ এমন খাবার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে শিশুরা। কিশোরগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকার ছিন্নমূল শিশুদের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেদা ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি।
‘অতিথি’র স্বেচ্ছাসেবকরা জানান, করোনাভাইরাস প্রতিরোধে পুরো পৃথিবী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শহরের পথশিশুদের অবস্থা শোচনীয়। আজ খাবার পেয়ে ঈদের মতো আনন্দ পায় তারা।
