বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে কিনা তা আগামী প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে। চলমান স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা জিতেছে আর হেরেছে দেশের ভোটাররা। ভোট দিতে না পেরে ভোটাররা রাস্তায় কান্না করছে, এটা মেনে নেয়া যায় না। আওয়ামী লীগ দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করব। মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে প্রয়োজনে প্রাণ দেব কিন্তু মাথা নত করবো না।’
তিনি বলেন, ‘নির্বাচনে ইভিএম মেশিনে শতভাগ ভোট পড়ছে, এটা কোনোভাবেই সম্ভব নয়। ইভিএমকে আওয়ামী ইভিএমে পরিণত করা হয়েছে। ইভিএম নয়, ইভিএম পরিচালনায় জড়িতদের পরিবর্তন করতে হবে। আওয়ামীতন্ত্র আর গণতন্ত্র এক সাথে চলতে পারে না। ভোটের নামে সন্ত্রাস হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, মানুষের প্রাণহানী ঘটছে- এটা বন্ধ করতে হবে। নির্বাচনের নামে সন্ত্রাস, হানাহানী আর খুনোখুনি বন্ধ করে ডিজিটাল গেজেটের মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করুন। তাতে দেশ নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তি পাবে।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, এইচ.এম. শাহরিয়ার আসিফ প্রমুখ।
