নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী হাবুল ফকির (৪৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থলে (কুমুদগঞ্জ মোড়) এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী হাবুল ফকির ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে। আহত অপরজন হলেন রুক্কন উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবুল ফকির মোটরসাইকেলযোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী দ্রুতগতির ট্রাকের সঙ্গে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জের কুমুদগঞ্জ মোড়ে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে হাবুল ফকির নিহত হন এবং অপরজনকে রুক্কন উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবুলের মৃতদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ।
নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস দেশ রূপান্তরকে বলেন, নিহত হাবুলের পরিবারের দাবির প্রেক্ষিতে মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক আটক করা গেলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।
