লিটল মাস্টার শচিন টেন্ডুলকারের স্ট্রেইট ড্রাইভ, ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার এক পা তোলা পুল শট কিংবা মোহাম্মদ রফিকের দুর্বোধ্য আর্মবল। হতে পারে সোনালি অতীত ফেলে আসা যুবরাজ সিংও মেরে দিচ্ছেন ছয়-ছক্কা! অবসরে চলে যাওয়া লিজেন্ডদের এসব স্মরণীয় পারফরম যদি আবারও দেখতে চান তবে চোখ রাখতে হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। টুর্নামেন্টটি শুরু হচ্ছে আজ। ভারতের ছত্তিশগড়ের রায়পুরের নবনির্মিত শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে স্বাগতিক ইন্ডিয়ান লিজেন্ডসের সঙ্গে প্রথম ম্যাচেই নামছে বাংলাদেশ লিজেন্ডস। শচিন টেন্ডুলকারদের বিপক্ষে রফিক-পাইলটদের ২০ ওভারের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায়।
গত বছর পথচলা শুরু এই রোড সেফটি টুর্নামেন্টের। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজকে নিয়ে হয় আসর। মার্চে শুরু হয়ে করোনার কারণে মাত্র চার ম্যাচ পরই স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। তবে এ বছর নতুন উদ্যমে শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার বদলে খেলছে বাংলাদেশ লিজেন্ডস আর নতুন যুক্ত হয়েছে ইংল্যান্ড লিজেন্ডস। রাউন্ড রবিন পর্বের লড়াই শেষে ৬ দলের এই টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ১৭ ও ১৯ মার্চ। ফাইনাল ২১ মার্চ।
আসরে বাংলাদেশ লিজেন্ডস দলের নেতৃত্ব দিচ্ছেন খালেদ মাহমুদ সুজন। দলে আছেন মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ, জাভেদ ওমর, হান্নান সরকার, নাফিস ইকবাল, রাজিন সালেহ, মুশফিকুর রহমান, মেহরাব হোসেন অপি, নাজিমউদ্দিন, আলমগীর কবির, মামুন রশিদ। আফতাব আহমেদও দলে ছিলেন কিন্তু করোনা পজিটিভ হওয়ায় তার বদলে জায়গা পান নাজিমউদ্দিন। বাংলাদেশ লিজেন্ডস গত ২৭ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে রওনা হয়। এর আগে কক্সবাজারে লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি খেলে নিজেদের প্রস্তুত করেছেন বাংলাদেশ সাবেক ক্রিকেটাররা।
অন্যদিকে ভারতীয় দলে শচিন টেন্ডুলকারের নেতৃত্বে বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফরা খেলবেন। শ্রীলঙ্কা লিজেন্ডসের অধিনায়ক তিলকারতেœ দিলশান। দলে আছেন সনাৎ জয়াসুরিয়া, রাসেল আর্নল্ড, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ। জন্টি রোডসের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস দলে আছেন মাখায়া এনটিনি, জাস্টিন কেম্প, আলভিরো পিটারসেন। উইন্ডিজ দলে ব্রায়ান লারার নেতৃত্বে পেড্রো কলিন্স, টিনো বেস্ট, কার্ল হুপার, রিডলে জ্যাকবস আছেন। আর ইংল্যান্ড দলে কেভিন পিটারসেনের নেতৃত্বে ওয়াইজ শাহ, মন্টি পানেসার, ম্যাথু হোগার্ড, রায়ান সাইডবটম, জোনাথন ট্রট আছেন।
