গণফোরামের সভায় বক্তারা

রাষ্ট্রযন্ত্রকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০১:৩৭ এএম

রাষ্ট্রযন্ত্রকে ‘জনগণের প্রতিপক্ষ’ হিসেবে দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন গণফোরামের নেতারা। গতকাল বৃহস্পতিবার মতিঝিলের আরামবাগে দলীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভায় তারা এ অভিযোগ করেন।

সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। জনগণের মালিকানা ও অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবার অবদান স্বীকার করা উচিত। কাউকে খাটো করে ইতিহাস বিকৃত করা উচিত নয়।’

তিনি বলেন, ‘আজ স্বাধীনতার সেই নীতি, আকাক্সক্ষা ও মূল্যবোধকে ধ্বংস করা হচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংসের মুখে। সুবর্ণজয়ন্তী সামনে রেখে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘মুক্তিযুদ্ধ হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। বঙ্গবন্ধু আমাদের চেতনায় এবং মননে সব সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু বলতেন আমরা দেশ স্বাধীন করতে চাই। ৬ দফা ঘোষণার পর বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে বঙ্গবন্ধু মুক্তিসংগ্রাম গঠিত হয়। বঙ্গবন্ধু নিঃশর্ত মুক্তি লাভ করে আইয়ুব খানকে পদত্যাগ করতে বাধ্য করেন।’

তিনি বলেন, ‘২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর অসমাপ্ত মুক্তির সংগ্রাম তাজউদ্দীন আহমদের নেতৃত্বে দেশবাসী মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমের দেশ স্বাধীন হয়। আমরা কেরানীগঞ্জ থানা দখল করে পাকিস্তানিদের আত্মসমর্পণ করিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত