কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পরকীয়ার কারণে আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে তিতাস উপজেলার নতুন ভাটেরা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আরিফ দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের বজলুর রহমানের ছেলে।
নিহতের চাচাতো ভাই মাজারুল ইসলাম পরকীয়ার কথা অস্বীকার করে বলেন, আমার চাচাতো ভাই দাউদকান্দি সদরের জনতা মার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করত। ভাটেরা গ্রামের কয়েকজনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল। বৃহস্পতিবার রাতে ভাটেরা গ্রামের কেউ ফোন করে আরিফকে ডেকে নিয়ে মারধর করছে। এমন খবর পেয়ে আমাদের আত্মীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় কেয়ার পথেই সে মারা যায়। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
তিতাস থানার ওসি আহসানুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
