ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক নিহত

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০৮:২৬ পিএম

গিয়েছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের মিটিংয়ে, ফেরার পথে দ্রুতগতি ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় (৫৪)।

শনিবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরে পদ্মপুকুর পাড় এলাকার স্বর্গীয় বিশ্বেশ্বর রায়ের ছেলে। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা যায়, সাংবাদিক চন্দন কৃষ্ণ রায় শনিবার সকালে বিভাগীয় প্রেসক্লাবের মিটিং এ যোগ দিতে ময়মনসিংহে গিয়েছিলেন। সভা শেষে সিএনজি চালিত অটো রিকশা করে ময়মনসিংহ হতে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। বিকেল ৫টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাক ও সিএনজি চালক দ্বয় পালিয়ে গিয়েছে।

মৃতদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত